দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘সমাজে যা ইচ্ছা তাই করলে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যায় না। আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব থাকার পরও শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল- এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।
রোববার (১৭ আগস্ট) দুপুরে কাঁঠালিয়া উপজেলার কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় বিষখালি নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শনকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, ‘বিষখালি নদীর কচুয়া-বেতাগী ফেরি পয়েন্টে ব্রিজ নির্মাণ আমার শপথ। যে কোনো মূল্যে স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বিষখালি নদীর ওপর এ ব্রিজ নির্মাণ করব।’
তিনি আরও বলেন, উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ ঐক্যবদ্ধ থাকলে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এ কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার শরীফ খান, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজামীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, বিষখালি নদীর ওপর কচুয়া-বেতাগী সেতু নির্মাণ হলে ফেরিনির্ভর যোগাযোগের অবসান ঘটবে। পাশাপাশি দুই পাড়ের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন তারা।
কেএম