দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী। দ্রুত হামলায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমির হামজা।
রোববার দুপুরে কুষ্টিয়ার মোল্লা তেঘড়িয়ায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে আমির হামজা অভিযোগ করেন, শনিবার বিকেল ৬টার দিকে গণসংযোগ শেষে ফেরার পথে শহরের ছয়রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিত ও অতর্কিতভাবে তাঁর গাড়িবহরে হামলা চালায়।
শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ড নস্যাৎ করতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
আমির হামজা বলেন, একজন সংসদ সদস্যেরই যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী—এ নিয়ে তিনি উদ্বিগ্ন। এ সময় তিনি কুষ্টিয়ার প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি দ্রুত হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
আমির হামজা বলেন, প্রশাসন দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর জবাব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার বিকেল ৬টার দিকে কুষ্টিয়ার ছয়রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর এমপি আমির হামজার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে। অপরদিকে, সন্ধ্যার পর গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে আমির হামজার সমর্থকদের বিরুদ্ধে।
এমএস/