দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমান সরকার গণভোটে জনগণের রায় উপেক্ষা করে স্বৈরাচারী পদ্ধতিতে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করা হলে জনগণের প্রতিনিধি হিসেবে জামায়াতে ইসলামী সব নেতাকর্মীকে নিয়ে গণআন্দোলন গড়ে তুলবে।
শুক্রবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। এতে মানুষ দিন দিন ক্ষুব্ধ হয়ে উঠছে। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হচ্ছে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে অসংখ্য মানুষের জীবন গেলেও সরকার বৈষম্য নিরসন না করে তা আরও বাড়িয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, মেধার পরিবর্তে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানের কমিটির হাতে দেওয়ার পাঁয়তারা চলছে। এতে দুর্নীতি বাড়বে এবং মেধাবীরা অবমূল্যায়িত হবেন। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জনগণ কোনোভাবেই এটি মেনে নেবে না।
জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। এই জীবনকে কাজে লাগিয়ে পরকালীন জীবনের জন্য কাজ করতে হবে। জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে এবং রুকনদের বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে। পারিবারিক জীবনে পরিশুদ্ধতার জন্য পরিবারের প্রতি বিশেষ নজর দিতে হবে। সাহস ও আল্লাহর ওপর ভরসা রেখে আন্দোলনের কাজে ভূমিকা রাখলে সফলতা আসবে।
মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।
তিনি বলেন, ইসলামের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমাজকে সব ধরনের কলুষতা থেকে মুক্ত করার কথা বললেই অশুভ শক্তির কুদৃষ্টি নেমে আসে। শোষক ও স্বার্থান্বেষী গোষ্ঠী সরাসরি নির্যাতনের পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধও চালায়। মূল আদর্শের সঙ্গে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তারা কর্মীদের নৈতিকতা ও চরিত্র নিয়ে ভিত্তিহীন প্রশ্ন তোলে।
তিনি দাবি করেন, প্রতিষ্ঠার পর থেকেই জামায়াতে ইসলামী বিভিন্ন অপপ্রচার, আইনি ও সামাজিক প্রতিবন্ধকতা এবং নির্যাতন মোকাবিলা করে মানুষের আস্থা অর্জন করেছে। জনগণের অধিকার রক্ষা ও রাষ্ট্র পরিচালনায় জামায়াতে ইসলামী দায়িত্বশীল ও প্রধান বিরোধী শক্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির মাওলানা আব্দুল জব্বার। মহানগরী শাখার ষাম্মাসিক রিপোর্ট পেশ করেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ আতিকুল্লাহ।
সম্মেলনে মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলামসহ মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/