দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জমিসংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে আছিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন সাগুলী গ্রামের ছমেদ আলী ফকিরের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুরুজ আলী ও রফিক গংদের সঙ্গে তাইজ্জ মিয়া গংদের ২১ শতাংশ বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস-বৈঠকও হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাইজ্জ মিয়ার পক্ষ বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে প্রতিপক্ষ এতে বাধা দেয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আছিয়া খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহতের ভাতিজার স্ত্রী জায়েদা বলেন, আমাদের ২১ শতাংশ জমি বুরুজ আলী দীর্ঘদিন ধরে জোর করে দখল করে রেখেছেন। আমরা নিরীহ মানুষ হওয়ায় ১০-১২ বার দরবার করেও জমি দখলে যেতে পারিনি। স্থানীয় দরবারে আমাদের পক্ষে রায় দেওয়ার পর জমি দখল করতে গেলে তারা আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় আমার চাচি শাশুড়ি আহত হয়ে মারা গেছেন। তারা এলাকার প্রভাবশালী মানুষ।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএম