দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার দৌলতপুরে একটি নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০ লাখ শলাকা নকল সিগারেট ও তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বুধবার (১২ আগস্ট) ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের একটি ভাড়া গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ এবং দৌলতপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ওই গোডাউনে ডার্বি, নেভি ও রয়েল ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করে অবৈধভাবে বাজারজাত করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে কারখানার সঙ্গে সংশ্লিষ্টরা পালিয়ে যান। পরে গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট ও তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দৌলতপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় হাবিব মাস্টারের গোডাউন ভাড়া নিয়ে সেখানে নকল সিগারেট তৈরির কার্যক্রম চলছিল। গোডাউনের মালিক হাবিব মাস্টার জানান, হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকার শাকিল ও বৈদ্যনাথতলা এলাকার লিওন হোসেন নামে দুই ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকা ভাড়ায় গোডাউনটি ভাড়া দিয়েছিলেন তিনি।
তিনি আরও জানান, এর আগেও র্যাব ও কাস্টমসের অভিযানে গোডাউনটি সিলগালা করা হয়েছিল। পরে সেটি আবার চালু করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ বলেন, কারখানাটিতে অবৈধভাবে নকল সিগারেট তৈরি করে বাজারজাত করার অভিযোগে অভিযান চালিয়ে দুই কোটি টাকার বিপুল পরিমাণ নকল সিগারেট ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের অভিযানে নকল সিগারেট ও সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
/অ