দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া আট শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এবার আট শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই অকৃতকার্য হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে বর্তমানে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন সাতজন।
শতভাগ অকৃতকার্যের ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। এক শিক্ষার্থীর অভিযোগ, দীর্ঘদিন বিদ্যালয়ে গণিত ও ইংরেজির শিক্ষক ছিলেন না। নিয়মিত ক্লাসও হতো না। অনেক সময় নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়া হতো।
অভিভাবক বাসুদেব বলেন, সন্তানদের চার-পাঁচটি বিষয়ে প্রাইভেট পড়ানো হয়েছে। কিন্তু বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয়নি। কোনো দিন সকাল ১০টায় বিদ্যালয়ে গিয়ে ১১টার মধ্যেই ছুটি হয়ে গেছে। আবার শিক্ষক না থাকায় শিক্ষার্থীরাও বিদ্যালয় থেকে চলে এসেছে।
স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ে কোনো পরিচালনা কমিটিও নেই। ফলে বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম ও শিক্ষার্থীদের ফলাফল নিয়ে জবাবদিহির ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।
তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা আক্তার বলেন, একসময় বিদ্যালয়ে মাত্র তিনজন শিক্ষক ছিলেন। গণিত ও ইংরেজির শিক্ষক না থাকায় সে সময় ঠিকমতো ক্লাস নেওয়া সম্ভব হয়নি। পরে শিক্ষক নিয়োগ হয়েছে। বর্তমানে সাতজন শিক্ষক রয়েছেন। প্রায় এক বছর শিক্ষক সংকট ছিল। পাশাপাশি শিক্ষার্থীরাও নিয়মিত ক্লাস করত না।
পিরোজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, শতভাগ অকৃতকার্য বিদ্যালয়গুলোর ফলাফল পর্যালোচনা করা হচ্ছে। ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর কাছে ব্যাখ্যা চাওয়া হবে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে আই