দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনলাইন জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় আরিফুল ইসলাম (৩২) নামের এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক সংঘবদ্ধ জুয়া চক্রের বিরুদ্ধে। হামলার আট দিন পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি; তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
গত ১ আগস্ট লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছে। তাদের প্রভাবে এলাকার অনেকেই সর্বস্বান্ত হয়েছেন এবং অনেকে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। সচেতন নাগরিক ও শিক্ষক হিসেবে আরিফুল ইসলাম এই জুয়া খেলায় বাধা দেন এবং জুয়া বন্ধ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
এরই জেরে গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে শিক্ষক আরিফুলের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। লোহার রড দিয়ে পেটানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষকের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে ছেলের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গত আট দিন ধরে সে অচেতন অবস্থায় হাসপাতালের বিছানায় লড়ছে।
এ ঘটনায় ছয়জন অনলাইন জুয়াড়িসহ ১০ জনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা দায়েরের সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
যোগাযোগ করা হলে আদিতমারী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, "অভিযোগ পাওয়ার পর তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
কেএম