দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ শহরে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৪ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনার কয়েক দিনের মধ্যে এআই-সংযুক্ত সিসিটিভি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি কালো রঙের মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই রাত প্রায় ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়ে স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালের গতিরোধ করে তাঁর ব্যাগে থাকা প্রায় ১৪ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র।
ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি জোরদারের পাশাপাশি এআই-সংযুক্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ, বিভিন্ন জেলার সড়ক এবং টোল প্লাজার তথ্য বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি শনাক্ত করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় ৩ আগস্ট থেকে অভিযান চালিয়ে যশোরের কোতোয়ালি এলাকা থেকে চক্রের সদস্য ও মাইক্রোবাসের চালক মো. জামাল হোসেন ফুলনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল হোসেন জানিয়েছেন, চার সদস্যের একটি চক্র ঢাকার কল্যাণপুর থেকে শ্যামলী পরিবহনে নওগাঁগামী স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালকে অনুসরণ করে। নওগাঁ বাসস্ট্যান্ডে নামার পর তাজের মোড়ে তাঁর ব্যাগ থেকে প্রায় ১৪ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় তারা। পরে পুলিশের তল্লাশি শুরু হলে চক্রের সদস্যরা বিভিন্ন দিকে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জামাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলায় স্থাপিত এআই-সংযুক্ত সিসিটিভি ক্যামেরাগুলো অপরাধ তদন্তে কার্যকারিতা প্রমাণ করতে শুরু করেছে। এই প্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যে ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ি শনাক্ত, একজন আসামিকে গ্রেপ্তার এবং গাড়িটি জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
যে আই