দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২০০ টনের বেশি কাঁচা মরিচ আমদানি হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ১৯টি ট্রাকে এসব কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে ভোমরা কাস্টমস হাউস।
কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান বলেন, প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমদানি করা কাঁচা মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে।
বন্দর সূত্র জানায়, প্রতিটি ট্রাকে গড়ে প্রায় ১১ টন করে কাঁচা মরিচ রয়েছে। এ পর্যন্ত প্রায় দুই লাখ কেজি, অর্থাৎ ২০০ টনের বেশি কাঁচা মরিচ আমদানি হয়েছে।
আমদানিকারক ব্যবসায়ী আব্দুল্লাহ সরদার বলেন, আমদানির অনুমতি পাওয়ার পর প্রথম চালান হিসেবে ১৯ ট্রাক কাঁচা মরিচ আনা হয়েছে। দ্রুত দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে, যাতে বাজারে সরবরাহ বাড়ে এবং দাম স্বাভাবিক পর্যায়ে আসে।
সাতক্ষীরা শহরের কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে। আমদানি অব্যাহত থাকলে কাঁচা মরিচের দাম ধীরে ধীরে কমে আসবে বলে তিনি আশা করছেন।
স্থানীয় ব্যবসায়ী লিয়াকত হোসেন বলেন, টানা বৃষ্টিতে সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন জেলার মরিচখেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনে বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে বাজারে সরবরাহ কমে যায়। এক মাস আগেও পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হলেও গত কয়েক দিনে তা ২৫০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের মতে, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে এবং দাম কমতে শুরু করবে।
জে আই