দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুর উপজেলার চল্লিশকাহনিয়া খেয়াঘাট এলাকায় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন নলছিটি উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মো. সোহাগ হাওলাদার (১৮), ভেড়নবাড়িয়া গ্রামের মো. সুমন ফরাজী (৩০) এবং একই গ্রামের মো. ইমন জমাদ্দার (২৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই তিন যুবক বিশখালী নদী পাড় হয়ে নলছিটির ভেড়নবাড়িয়া এলাকা থেকে রাজাপুর উপজেলার চল্লিশকাহনিয়া এলাকায় ইয়াবা ও গাঁজা কিনতে আসেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দোষী সাব্যস্ত করে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজাপুরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএস/