দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এইচএসসি পরীক্ষায় ২০২৬ সালের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবকে শোকজ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষার দায়িত্বে থাকা তিন শিক্ষককে শোকজ করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূঞাপুরের ইবরাহীম খাঁ সরকারি কলেজ কেন্দ্রে গত শনিবার মনোবিজ্ঞান বিষয়ের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজ, শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজ এবং নিকরাইলের শমসের ফকির ডিগ্রি কলেজের মোট ১৪ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার সময় ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র বিতরণ করা হয়।
পরীক্ষা শেষে বাসায় গিয়ে প্রশ্নপত্র মিলিয়ে শিক্ষার্থীরা ভুলটি জানতে পারেন। পরে তারা বিষয়টি নিজ নিজ কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন। সংশ্লিষ্ট কলেজগুলোর পক্ষ থেকে ইবরাহীম খাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বোর্ডের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের আশ্বাস দেওয়া হয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দায়িত্বে থাকা শিক্ষকদের গাফিলতির কারণেই ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। এতে পরীক্ষার ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. আউয়াল আল হাবিব বলেন, বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে তিন শিক্ষককে শোকজ করা হয়েছে এবং দুজনকে পরীক্ষার দায়িত্ব থেকে সরিয়ে নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, ওই ১৪ শিক্ষার্থীর উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী মূল্যায়ন করা হবে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি কেন্দ্র সচিব প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানাননি। রাতে অন্য এক শিক্ষকের মাধ্যমে বিষয়টি জানার পর শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। বোর্ড থেকে ১৪ শিক্ষার্থীর পরীক্ষার বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসনকে অবহিত না করায় কেন্দ্র সচিবকে শোকজ করা হয়েছে।
যে আই