দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম চিড়িয়াখানায় একমাত্র বেঁচে থাকা মাদি জেব্রার জন্য সঙ্গী আনতে প্রাণী বিনিময়ের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, অতিরিক্ত বাঘের বিনিময়ে দেশের কোনো সাফারি পার্ক বা চিড়িয়াখানা থেকে জেব্রা সংগ্রহ করা হতে পারে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। দেশের কোনো সাফারি পার্ক বা চিড়িয়াখানার সঙ্গে প্রাণী বিনিময়ের মাধ্যমে জেব্রা আনার পরিকল্পনা রয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় ১৭টি বাঘ রয়েছে, যা চিড়িয়াখানার ধারণক্ষমতার তুলনায় বেশি। এ কারণে এক জোড়া বাঘের বিনিময়ে তিন জোড়া জেব্রা আনার পরিকল্পনা করা হচ্ছে। এতে একা থাকা মাদি জেব্রাটি সঙ্গী পাবে এবং চিড়িয়াখানায় জেব্রার সংখ্যাও বাড়বে।
চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৬ মার্চ নিজস্ব তহবিল থেকে প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ আফ্রিকা থেকে চারটি মাদিসহ ছয়টি জেব্রা আনা হয়েছিল। তবে একই বছর মারামারি ও প্রসবকালীন জটিলতায় দুটি জেব্রার মৃত্যু হয়।
পরে ২০২১ সালের ২৯ জুলাই মারামারিতে আরও একটি জেব্রা মারা যায়। এছাড়া ২০২৪ সালের ৭ জুন এবং ২০২৬ সালের ২৭ মার্চ প্রসবকালীন জটিলতায় আরও দুটি জেব্রার মৃত্যু হয়। ফলে বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় একটি মাত্র মাদি জেব্রা রয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এর আগে ২০২৩ সালে রংপুর চিড়িয়াখানায় দুটি বাঘের বিনিময়ে ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে এক জোড়া জলহস্তী আনা হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার জেব্রা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ বলেন, আগে জেব্রার জন্য নির্ধারিত জায়গাটি ছোট ছিল। বর্তমানে সেটি সম্প্রসারণ করা হয়েছে। তাই নতুন করে জেব্রা আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাণী বিনিময়ের মাধ্যমে জেব্রা সংগ্রহ করা গেলে একমাত্র মাদি জেব্রাটির জন্য সঙ্গী নিশ্চিত হওয়ার পাশাপাশি চিড়িয়াখানায় জেব্রার সংখ্যা আবারও বাড়ানো সম্ভব হবে।
এমএম/