দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. খোকন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাঁকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের মোঃ ছকমল হোসেনের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী থানাধীন ভেলাবাড়ী বাজারে মাদকবিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুজন মাদক কারবারী মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছে। খবর পেয়ে ডিবির একটি দল উপজেলার ধনীটারী এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে চালক ও পেছনে থাকা ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করে।
ঘটনাস্থল থেকে পুলিশ রিদয় (১৯) নামের একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করলেও চালক খোকন মিয়া পালিয়ে যান। ওই ঘটনার পর দিন ২৫ জুন আদিতমারী থানায় তাঁদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। পরে আজ আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু বলেন, ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে শুনেছি। আজ গ্রেপ্তার হয়েছেন কিনা তা আমার জানা নেই। তবে মাদক মামলার বিষয়টি ইতোমধ্যে জেলা ছাত্রদলকে জানানো হয়েছে। তাঁদের কাছ থেকে নির্দেশনা পেলেই খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএম