দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে শিশু-কিশোরদের জন্য অনুপযোগী হয়ে পড়া আগ্রাবাদ জাম্বুরী পার্কের মাঠ পুনর্গঠন ও আধুনিকায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই মাঠটি উদ্বোধন করে নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মঙ্গলবার আগ্রাবাদ জাম্বুরী পার্ক মাঠের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, একসময় মাঠটিতে শিশু-কিশোররা খেলাধুলা করতে পারত না। উদ্যোগ নিয়ে মাঠটি পুনরুদ্ধার করা হয়েছে। যেহেতু এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন, তাই এটি আবারও নগরবাসীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। এখানে শিশু, কিশোর, তরুণসহ সব বয়সী মানুষ খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবেন।
তিনি জানান, মাঠটি সুষ্ঠুভাবে পরিচালনা ও সংরক্ষণের জন্য একটি পরিচালনা কমিটি গঠন করা হবে। কমিটি মাঠের রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করবে। অল্প সময়ের মধ্যেই উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে এবং বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মাঠটি উদ্বোধন করা হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি। এ লক্ষ্যেই প্রতিটি ওয়ার্ডে নিরাপদ ও মানসম্মত খেলার মাঠ নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ করছে।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর গত ২০ মাসে তিনি প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করেছেন। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ১১টি খেলার মাঠ উন্নয়ন করা হয়েছে। ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, এখনো প্রায় ৩০টি মাঠের উন্নয়নকাজ বাকি রয়েছে, যা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
মেয়র আরও বলেন, আধুনিক, সুস্থ ও মানবিক নগর গড়ে তুলতে শিশু-কিশোরদের খেলাধুলা, বিনোদন ও সামাজিক বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করা চসিকের অন্যতম অগ্রাধিকার। এ জন্য ভবিষ্যতেও নতুন উন্মুক্ত স্থান ও ক্রীড়া অবকাঠামো নির্মাণের কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রকৌশল বিভাগের কর্মকর্তারা, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম এবং স্থানীয় ওয়ার্ডের নেতারা।
এমএস/