দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির শেরপুর জেলা শাখার নেতা সানাউল ইসলাম বাবু বলেন, দাবি আদায়ে গত তিন দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়ায় সারাদেশের সঙ্গে শেরপুরেও অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রাখা হবে। মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত না এলে ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে।
সমিতির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের টোল মওকুফ, লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ পরিবহনকারী অ্যাম্বুলেন্সকে টোলমুক্ত সুবিধার আওতায় আনা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
সমিতির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবি উপেক্ষিত থাকায় জরুরি রোগী পরিবহন সেবা ব্যাহত হচ্ছে। করোনাকালে স্বজনরা যখন রোগীদের পাশে যেতে ভয় পেয়েছিলেন, তখনও অ্যাম্বুলেন্সকর্মীরা জীবনবাজি রেখে দায়িত্ব পালন করেছেন। তাই দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে জেলা শাখার আবুল হাশেম, এম এ মান্নান, মাহমুদুল হাসান মনা ও শামীম হোসেন উপস্থিত ছিলেন।
এমএস/