দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজ নগর গড়ে তুলতে ২৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এর মধ্যে কর্ণফুলী নদীর তীরবর্তী প্রকল্প এলাকায় ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
মঙ্গলবার (২৮ জুলাই) কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প এলাকায় একটি নারিকেল ও একটি তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
প্রকল্প-সংশ্লিষ্টরা জানান, ওই এলাকায় ইতোমধ্যে প্রায় আড়াই হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। বন বিভাগের সহযোগিতায় সেখানে আরও ১৪ হাজার বৃক্ষ রোপণ করা হবে। বাকি বৃক্ষগুলো সিডিএর বিভিন্ন প্রকল্প ও এলাকায় পর্যায়ক্রমে রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান বলেন, চট্টগ্রামকে আরও সবুজ, নান্দনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, প্রতিটি চারাকে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। পরিকল্পিত বৃক্ষরোপণ ও কার্যকর পরিচর্যার মাধ্যমে নগরের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সিডিএর সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নূরুল্লাহ নুরী, সদস্য ও প্রধান নগর পরিকল্পনাবিদ মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, প্রকল্প পরিচালক রাজীব দাশসহ সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমএস/