দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে এক ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের হরিসভা মন্দির সড়কের মেসার্স ময়না মেডিকেল হলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। অভিযানে প্রতিষ্ঠানের মালিক মো. মহিউদ্দীন ভান্ডারীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগ ছিল মহিউদ্দীন ভান্ডারীর বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ বিক্রয়সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের দায়ে তাকে জরিমানা করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে মহিউদ্দীন ভান্ডারী বলেন, তিনি প্রশিক্ষণপ্রাপ্ত একজন কবিরাজি চিকিৎসক। রোগী দেখা ও ওষুধ দেওয়ার অনুমতি এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র তার রয়েছে। এরপরও কেন তাকে জরিমানা করা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির সময় ওই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এমএস/