দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ৯ নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ভারতের শ্রী রামপুর এলাকার দিক থেকে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাদের বাধা দিলে বিএসএফ ওই নারীদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়।
পরে সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফের সদস্যসংখ্যা বাড়ানো হলে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং শেষ পর্যন্ত পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, ভোরে বিজিবির বাঁশির শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখেন। পরে বিজিবির সঙ্গে তারা ওই চেষ্টা প্রতিহত করেন।
স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী বলেন, ভোরে বিএসএফ ৯ নারীকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়। পরে সীমান্তে বিএসএফের উপস্থিতি বাড়ায় কিছু সময় উত্তেজনা দেখা দেয়।
ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বলেন, ভারত থেকে অবৈধভাবে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা প্রতিহত করে তাদের ভারতীয় সীমান্তে ফিরিয়ে দিয়েছে।
তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো ভারতীয় নাগরিক যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।
জে আই