দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ৬৫টি কচ্ছপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বন বিভাগের তত্ত্বাবধানে কচ্ছপগুলো প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সালদানদী বিওপির টহলদল উপজেলার শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কচ্ছপগুলো জব্দ করে।
বিজিবি জানায়, জব্দ হওয়া কচ্ছপের মধ্যে চারটি বড় পেপসেল টারটেল এবং ৬১টি ছোট সন্দি কাসিম প্রজাতির কচ্ছপ রয়েছে। টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায়।
পরে দেশের প্রচলিত আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালা অনুযায়ী বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে বিজিবির উপস্থিতিতে কচ্ছপগুলো সালদানদীতে অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণ কার্যক্রমে সালদানদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, সামাজিক বন বিভাগ কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বন্যপ্রাণী পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধের সঙ্গে বনজ ও বন্যপ্রাণীসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও বিজিবি অঙ্গীকারাবদ্ধ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান ও বন্যপ্রাণী পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এমএস/