দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী থেকে চাকরির প্রলোভন দেখিয়ে চার যুবককে কক্সবাজারের টেকনাফে এনে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৯ জুলাই) দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এইচ এম মারুফ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকার রাসেল (২৮) ও আরমান (২১)।
ভুক্তভোগীরা হলেন, ফেনী জেলার এমাম হোসেন (১৯), জিসান (২৩) ও তৌহিদুল ইসলাম (১৯) এবং হবিগঞ্জ জেলার সুমন মিয়া ওরফে হোসাইন (২২)।
সংবাদ সম্মেলনে মেজর এইচ এম মারুফ বলেন, ফেনীতে চাকরির সূত্রে ভুক্তভোগীদের সঙ্গে রাসেলের পরিচয় হয়। পরে গত ২৬ জুন চাকরির প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে একটি পাহাড়ি আস্তানায় আটকে রেখে প্রত্যেকের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাদের শারীরিক নির্যাতনও করা হয়েছে বলে অভিযোগ।
তিনি জানান, ঘটনার তথ্য পেয়ে গত ৩০ জুন র্যাব টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়াসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা চার জিম্মিকে ফেলে পালিয়ে যায়। পরে র্যাব তাদের উদ্ধার করে।
এ ঘটনায় উদ্ধার হওয়া জিসান বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। মামলার পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব।
মেজর এইচ এম মারুফ বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গিখালীসংলগ্ন একটি পাহাড়ি আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে রাসেল ও আরমানকে গ্রেপ্তার করা হয়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এমএম/