দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নকল ও অটো পাসের সংস্কৃতি থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের দক্ষতানির্ভর বাস্তবমুখী শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামফলক উন্মোচন ও শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ এবং নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের শিক্ষা ব্যবস্থার চলমান পরিস্থিতি ও জেন-জি (Gen-Z) তরুণদের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘আমরা জুলাই বিপ্লবের যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান জানাই। কিন্তু এই সম্মানের কারণে শিক্ষা ক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা বা অন্যায্য দাবি মেনে নেওয়া হবে না। দেশের কোথাও কোথাও নকল করতে দেওয়ার দাবিতে বা বৃষ্টিতে ভিজে যাওয়ার অজুহাতে অটো পাসের দাবিতে মিছিল-আন্দোলন হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই নকল বা অটো পাসের সংস্কৃতি থেকে আমাদের চিরতরে বের হয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের এমন শিক্ষায় ধাবিত হতে হবে যা রাষ্ট্র ও ব্যক্তি জীবনে কাজে লাগে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে অনুৎপাদনশীল সহজ সাবজেক্টগুলো থেকে আস্তে আস্তে সরে আসার অনুশাসন জারি করেছে। শিক্ষার্থীদের শুধু সরকারি চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জন এবং তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে।’
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম উত্তরাঞ্চলের অবহেলিত জনপদের ভাগ্যোন্নয়নে সরকারের বড় দুটি উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, এই অঞ্চলের উৎপাদিত পণ্য সরাসরি বিদেশে রপ্তানির সুবিধার্থে বগুড়ায় কার্গো ফ্যাসিলিটিসহ একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ড্রোন নির্মাণের ফ্যাক্টরি অনুমোদিত হয়েছে। এর সঙ্গে সংযোগ বাড়াতে বগুড়া চারমাথা থেকে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত সড়কটি ফোর লেনে উন্নীতকরণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা দ্রুতই একনেকে পাস হবে। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে এখানে কৃষি ও প্রকৌশল অনুষদ যুক্ত করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি এতদিন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলেও আজ ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এর শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। প্রথম ধাপে 'ব্যবসা ব্যবস্থাপনা' ও 'আইন' বিভাগে ভর্তি হওয়া মোট ৮০ জন শিক্ষার্থীর মধ্যে নওগাঁ জেলার বাইরে দেশের ৪২টি জেলা (যেমন— খাগড়াছড়ি, খুলনা, কুমিল্লা) থেকে শিক্ষার্থীরা পড়তে এসেছেন।
সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন শিক্ষা সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমানুল্লাহসহ দেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
/অ