দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত তীররক্ষা বাঁধে আবারও ধসের মুখে পড়েছে। উপজেলার কাঁচকোল এলাকায় মাত্র ১৫ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার দুপুরে প্রায় ৬০ মিটার ব্লক পিচিং নদীগর্ভে বিলীন হয়েছে। একই স্থানে বারবার ধসের ঘটনায় তীরবর্তী মানুষের মধ্যে বেড়েছে ভাঙনের আতঙ্ক।
শুক্রবার (১৭ জুলাই) সকালে দেখা গেছে, রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় ধসে যাওয়া অংশে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে। স্থানীয়রা বলছেন, বর্ষা এলেই বাঁধের একই অংশে ধস দেখা দেয়, কিন্তু স্থায়ী সমাধান হয় না।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই নদীর স্রোত বাড়লেই একই স্থানে বারবার ধ্বস হচ্ছে। উত্তর ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাঁচকোল বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা এখন ঝুঁকির মধ্যে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০১৬ সালে ব্রহ্মপুত্র নদের ডান তীররক্ষা প্রকল্পের আওতায় বাঁধটি নির্মাণ করা হয়। ২০১৮ সাল থেকেই বিভিন্ন স্থানে ধস শুরু হয়। সর্বশেষ ১ জুলাই কাঁচকোল এলাকায় প্রায় ১০০ মিটার ব্লক পিচিং ধসে যায়। জিও ব্যাগ ফেলে তা সামাল দেওয়ার দুই সপ্তাহের মাথায় একই এলাকায় আবারও ধস দেখা দিল।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত স্থানে ৪০০ জিও ব্যাগ ফেলা হয়েছে। আরও ১২ হাজার জিও ব্যাগের অনুমোদন পাওয়া গেছে। আগামী রোববারের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
কেএম