দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, সরকার কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে মানুষের হাতে মাদক তুলে দিচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা শহীদ ও আহতদের ত্যাগের ওপর দাঁড়িয়ে আজ ক্ষমতার সুবিধা ভোগ করছেন, তারা যেন সাধারণ মানুষের স্বপ্ন ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা না করেন। দেশের মানুষ শুধু ক্ষমতার পালাবদল নয়, রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার চায়।’
তিনি আরও বলেন, ‘চৌদ্দশর বেশি শহীদ ও ৩০ হাজার আহত মানুষের রক্তের সঙ্গে কোনো ধরনের আপস বা প্রতারণা দেশের মানুষ মেনে নেবে না।’
পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানকে স্বাধীন ও পেশাদার করার পরিবর্তে দলীয়করণ করা হলে তা গণআকাঙ্ক্ষার পরিপন্থী হবে।
সংবিধানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নিজেদের স্বার্থে সংবিধানের ব্যাখ্যা পরিবর্তন করা হলে জনগণের প্রয়োজনেও সংস্কারের প্রশ্নে একই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত। অর্ধেক সংবিধান মেনে বাকি অর্ধেক অস্বীকার করার সুযোগ নেই।’
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ক্ষমতায় এসে পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। প্রতি মাসে দেড় লাখ মানুষের কর্মসংস্থান হওয়ার কথা থাকলেও তা হয়নি। বরং কর্মসংস্থানের বদলে মানুষের হাতে মাদক তুলে দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে।
এনসিপির মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েত এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম।
এমএস/