দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর বাউফল পৌর শহরে ইশরাত জাহান নিশি (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের আড়াই মাসের মাথায় ঘটে যাওয়া এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার দরবেশ মিঞা সড়কের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইশরাত জাহান নিশি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোল্লারহাট এলাকার নাসির উদ্দিনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি মাস্টার্স পরীক্ষা শেষ করেছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলায় নিশির সঙ্গে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার যুক্তরাষ্ট্রপ্রবাসী মনির হোসেনের (৪৭) বিয়ে হয়। বিয়ের ১৬ দিন পর তিনি স্বামীর বাড়িতে ওঠেন। মনির দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং চলতি মাসের শেষ দিকে আবার সেখানে ফিরে যাওয়ার কথা ছিল।
পরিবারের দাবি, স্বামীর বিদেশে ফিরে যাওয়া নিয়ে দাম্পত্য সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব ও অভিমান তৈরি হয়েছিল।
নিশির স্বামী মনির হোসেন জানান, শুক্রবার রাত ৯টার দিকে তারা একসঙ্গে ছিলেন। কিছুক্ষণ পর নিশি পাশের একটি কক্ষে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। রাতভর ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি থানায় খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় নিশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এমএম/