দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে ১৬ বছর বয়সী অটোরিকশাচালক সাকিবুল ইসলাম হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসাদুজ্জামান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পিবিআই মানিকগঞ্জ কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, গ্রেপ্তার আসাদুজ্জামান মানিকগঞ্জ সদর উপজেলার গড়াই নতুনপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুর মাদ্রাসা গেট এলাকায় বসবাস করতেন এবং সেখানে একটি আবাসিক হোটেলে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পিবিআই জানায়, গত ৩০ জুন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কিশোর অটোরিকশাচালক সাকিবুল ইসলাম। পরদিন একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করলে পিবিআই ছায়া তদন্ত শুরু করে।
তদন্তে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন অনুসন্ধান এবং বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুজ্জামান হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন তিনি হেমায়েতপুর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় সাকিবুলের অটোরিকশায় ওঠেন। পথিমধ্যে ভাঙা সড়কে গাড়ির ঝাঁকুনিকে কেন্দ্র করে চালকের সঙ্গে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তিনি সাকিবুলকে রাস্তার পাশের একটি পাটক্ষেতে নিয়ে মারধর করেন এবং মুখ কাদায় চেপে ধরে ঘাড়ে চাপ প্রয়োগ করলে তার মৃত্যু হয় বলে পিবিআই দাবি করেছে।
সংস্থাটি আরও জানায়, হত্যার পর আসাদুজ্জামান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পালানোর সময় তার একটি স্যান্ডেল ঘটনাস্থলে পড়ে থাকে, যা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। নিহতের অটোরিকশাটি সিংগাইর থানা পুলিশ জব্দ করেছে।
পিবিআই জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আসামিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএম/