দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। এ সময় পলিথিন পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ এবং এক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও ২-৩ জন সদস্য কৌশলে পালিয়ে গেছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মো. নজরুল মিয়া (৫০) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি গ্রামের নাচ্চু মিয়ার ছেলে। তিনি বর্তমানে ঢাকার শ্যামপুরের ধুলাইপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, আড়াইহাজার থানার এসআই আব্দুল বাছেদের নেতৃত্বে পুলিশের একটি টিম ছনপাড়া-পুরিন্দা সড়কে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঢাকা থেকে একটি মিনি পিকআপে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন নরসিংদীর দিকে নেওয়া হচ্ছে। তথ্যের ভিত্তিতে বিকেল ৩টার দিকে একটি মিনি পিকআপের গতিপথ রোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপটি থেকে ১১৫ বস্তা সবুজ ও ৩৫ বস্তা সাদা রঙের মোট ১৫০ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরবর্তীতে ডিজিটাল স্কেলে ওজন করে দেখা যায়, উদ্ধারকৃত পলিথিনের মোট পরিমাণ ৩ হাজার ১২৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নজরুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিনের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া পলিথিনের পক্ষে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলিথিন চোরাচালান চক্রের পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কে