দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হিলি বাজারে সব ধরনের চালের দাম কমতে শুরু করেছে। ভারত থেকে চাল আমদানির খবরে বাজারে সরবরাহ বাড়ার প্রভাবে গত এক সপ্তাহে প্রতি কেজি চালের দাম ৪ থেকে ৬ টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে আপাতত চালের দাম বাড়ার আশঙ্কা নেই।
সোমবার (৬ জুলাই) হিলি বাজার ঘুরে দেখা যায়, স্বর্ণা জাতের চাল প্রতি কেজি ৫২ টাকা থেকে কমে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। ঊনত্রিশ (২৯) জাতের চালের দাম ৫০ টাকা থেকে কমে ৪৬ টাকায় নেমেছে। এছাড়া মিনিকেট চালের দাম কেজিতে ৭০ টাকা থেকে কমে ৬৪ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারের চাল ব্যবসায়ী অনুপ বসাক বলেন, বোরো মৌসুমে মিলমালিকদের সীমিত সরবরাহের কারণে চালের দাম বেড়েছিল। তবে সরকার ভারত থেকে চাল আমদানির অনুমতি দিতে যাচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর সম্ভাব্য লোকসান এড়াতে মিলাররা গুদামজাত চাল বাজারে ছাড়তে শুরু করেছেন। এতে বাজারে সরবরাহ বেড়েছে এবং পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই চালের দাম কমেছে।
তিনি বলেন, ‘এখন আমরা কম দামে চাল কিনতে পারছি। তাই ভোক্তাদের কাছেও কম দামে বিক্রি করছি। সরবরাহ স্বাভাবিক থাকলে দাম স্থিতিশীল থাকবে বলে আশা করছি।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এমএম/