দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের হেরোইনসহ সাবেক এক ইউপি সদস্য, তার স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিকেলে সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
গ্রেপ্তার হওয়া আব্দুর রহমান সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন স্ত্রী মাসিরুন বেগম এবং দুই ছেলে মো. শুকুদ্দি ও মাসুদ রানা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বাড়ি থেকে দুই কেজি ৬৯৫ গ্রাম হেরোইন, হেরোইন প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম, পাঁচটি স্মার্টফোন এবং নগদ ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।
সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং জেলার শীর্ষ মাদক কারবারিদের একজন হিসেবে পরিচিত। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ভারত থেকে মাদক এনে নিজ বাড়িতে প্যাকেটজাত করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
তিনি আরও জানান, আব্দুর রহমানের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জে আই