দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এতে আহত যুবকের নাকের হাড় ভেঙেছে বলে দাবি করেছে তার পরিবার।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসিবুল ইসলাম (২০) বারইকরন গ্রামের বাসিন্দা এবং তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক বলে জানিয়েছে তার পরিবার।
পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পাশের গ্রামের শুভ হোসেন তাকে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার নাকের হাড় ভেঙে যাওয়ার কথা জানিয়েছেন বলে পরিবারের দাবি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, অভিযুক্ত শুভ হোসেনের পরিবার এলাকায় প্রভাবশালী। এছাড়া শুভ হোসেনের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগও করেন তারা।
তবে শুভ হোসেন মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। কোনো মারামারি হয়নি।’ এ বিষয়ে তার পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, আহত ব্যক্তিকে আগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএম/