দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এআই দিয়ে বানানো প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক ভুয়া পরীক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কসবা তোফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত দুইজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কসবা মহিলা ডিগ্রি কলেজের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং সহযোগী তার ফুফাতো ভাই ইনজামামুল হক (১৯)।
পরীক্ষা কেন্দ্র ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কসবা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। কিন্তু জান্নাত তার ফুফাতো ভাই ইনজামামুল হকের সহযোগিতায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি দিয়ে এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করে। পরে এ ভুয়া প্রবেশপত্র দিয়ে পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরু হওয়ার পর তফাজ্জল আলী ডিগ্রি কলেজ অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব একে আজাদের বিষয়টি সন্দেহ হয়। পরে তারা কুমিল্লা বোর্ডের পরীক্ষা উপ-কন্ট্রোলারকে অবগত করেন। বোর্ডের উপ-কন্ট্রোলার যাচাই করে কলেজ কর্তৃপক্ষকে জানান ওই পরীক্ষার্থীর প্রবেশপত্র ভুয়া। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির কেন্দ্রে যান।
এ সময় দুজনের অভিভাবকদের উপস্থিতিতে বিস্তারিত শুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ভুয়া পরীক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত ও সহযোগী ইনজামামুল হককে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, ‘ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে এসে তারা আটক হয়েছে। তাদের দুইজনকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তারা আর এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়াবেন না মর্মে মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।’
/অ