দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বকেয়া পাওনা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।
রোববার (২৮ জুন) সকালে নগরীর রূপাতলীস্থ কারখানার প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গ্যাস টার্বাইন এলাকা থেকে রূপাতলী গোলচত্বর পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১১টার দিকে রূপাতলী গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা। এতে প্রায় তিন শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন।
সমাবেশে শ্রমিকরা দুই মাসের বকেয়া মজুরি, ওভারটাইম, নাইট বিল ও সার্ভিস বেনিফিট দ্রুত পরিশোধের দাবি জানান। একইসঙ্গে কারখানা বিক্রি হলে শ্রমিকদের চাকরি বহাল রেখে হস্তান্তরের নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান তারা।
অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সর্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাসদ নেতা গাজী মো. বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, অলিম্পিক সিমেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. পাভেল হাওলাদারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশের পর গত ১৮ দিন ধরে শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বকেয়া পাওনা না পাওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তারা আগামী ৩০ জুন জেলা প্রশাসকের সঙ্গে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় বৈঠকে সমস্যার সমাধান ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩০ জুনের বৈঠকে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সব কারখানার শ্রমিকদের নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হবে।
বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘শ্রমিকরা দুই মাসের কাজের বিনিময়ে টাকা চাচ্ছে, অপরদিকে মালিক টাকা না দিয়ে দুবাই গিয়ে বসে আছে। আবার মালিকের সিইও বলছে এই কারখানা স্ক্যান সিমেন্ট কিনে নিচ্ছে। বিক্রির পরও তিনি সিইও থাকবেন এবং যাদের পছন্দ হবে তাদের চাকরি দেবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, স্ক্যান সিমেন্ট কিনুক আর যেই সিমেন্ট কারখানা কিনুক, আগে এই শ্রমিকদের চাকরি দিতে হবে।’
তিনি আরও বলেন, ৩০ জুনের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে ধ্বংসাত্মক কিছু না করে টানা ঢাকা-বরিশাল মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে।
এমএম/