দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো. বিল্লাল (৫৩)। শুক্রবার (১৯ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগে বলা হয়, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) বিতরণ লাইনের সঙ্গে অবৈধ সংযোগ নিয়ে গত ছয় মাস ধরে চুন কারখানা চালানো হচ্ছিল। এতে কোম্পানির প্রায় এক কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকার ক্ষতি হয়েছে।
বিজিডিসিএলের দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ মঙ্গলবার মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ সংযোগে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দুটি সার্ভিস টি জব্দ করা হয়। অবৈধ সংযোগটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মামলার ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এমএম/