দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে বিপ্লব চন্দ্র আবির (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম.) পাইলট উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত আবির উপজেলার আলাদিপুর ইউনিয়নের গোকুল গ্রামের বিজন মণ্ডলের ছেলে এবং ওই বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে বিদ্যালয় ছুটি হওয়ার পর পাঁচ বন্ধুর সঙ্গে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে আবির। একপর্যায়ে তার চার বন্ধু পুকুর থেকে উঠে এলেও আবির আর উপরে উঠতে পারেনি।
সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে শিক্ষক ও স্থানীয়দের বিষয়টি জানালে উদ্ধার অভিযান শুরু হয়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে তল্লাশি চালান।
প্রায় ছয় ঘণ্টা পর সন্ধ্যায় আবিরকে পুকুর থেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, শিক্ষক ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জে আই