দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান স্বপনকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আউটসোর্সিং নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ ক্রয় এবং প্রশাসনিক অনিয়মসহ একাধিক অভিযোগের মধ্যে তাকে আবারও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের একাধিক প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ আগস্ট ডা. মাহবুবুর রহমানকে সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পদ থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। তবে পরবর্তীতে ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনে সেই আদেশ বাতিল করে তাকে আবারও একই হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এরপর চলতি বছরের ২৮ জুলাই সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে হাসপাতালের সাবেক এক আউটসোর্সিং কর্মী মো. তৌহিদ মিয়া একটি মামলা দায়ের করেন। মামলায় তত্ত্বাবধায়কসহ সাতজনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন, সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, মেডিকেল টেকনিশিয়ান জুবায়ের আহমদ, হেলথ এডুকেটর নয়ন দাস, যুবলীগ নেতা শফিকুল ইসলাম এবং গাউসিয়া ট্রেডার্স সিকিউরিটি ক্লিনিং অ্যান্ড লজিস্টিক সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।
মামলার অভিযোগে বলা হয়েছে, ঘুষের বিনিময়ে ৬৪ জন আউটসোর্সিং কর্মী নিয়োগ দেওয়া হয় এবং জনপ্রতি প্রায় ৮০ হাজার টাকা করে আদায় করা হয়েছে। এছাড়া টেন্ডার প্রক্রিয়া, ওষুধ ক্রয় ও হাসপাতাল পরিচালনায় অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও আনা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিরুল হক বলেন, হাসপাতালের ভেতরে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন আর্থিক অনিয়মের বিষয়ে তাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে।
বাদী মো. তৌহিদ মিয়ার অভিযোগ, অনিয়মের প্রতিবাদ করায় অনেককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আদালত অভিযোগটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখেছেন বলে জানা গেছে।
এদিকে একাধিকবার ওএসডি আদেশ জারি ও তা বাতিল এবং পুনরায় ওএসডি করার ঘটনায় স্বাস্থ্য প্রশাসন ও স্থানীয় মহলে নানা প্রশ্ন উঠেছে। হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবার মান নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন সচেতন মহল।
জে আই