দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে তার সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর তিনি বাড়ি ফিরছিলেন। পরিবারের দাবি, আত্রাই রেলস্টেশন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় নওগাঁ শহরে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে যায়।
নিহতের ভাই মিজানুর রহমান অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে নেয়ামুল বাশিরকে হত্যা করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
জে আই