দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জামায়াতের এক কর্মীকে হত্যা করে মরদেহে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আশাদুল ইসলাম (২২) কালুখালী উপজেলার বিল মানুষমারী গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে।
সোমবার (১৫ জুন) সকালে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্য্যদিয়া গ্রামের একটি মাদ্রাসার পেছনে পাটক্ষেত থেকে আশাদুলের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা শাহজাহান মণ্ডল বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মামলার তদন্তে আশাদুলের সঙ্গে গ্রেপ্তার হওয়া মিজান শেখের আর্থিক লেনদেন নিয়ে বিরোধের তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মদাপুর গ্রামের কাউসার শেখের ছেলে মিজান শেখ (২৪), পশ্চিম রতনদিয়া গ্রামের আসমত মণ্ডলের ছেলে আনোয়ার মণ্ডল (৪৪) এবং সূর্য্যদিয়া গ্রামের শাহাজউদ্দিনের ছেলে আব্দুল করিম মোল্লা (৩৫)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় চার মাস আগে আশাদুল মিজান শেখের কাছ থেকে ৬৮ হাজার টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে আশাদুলকে হত্যা করা হয় এবং পরে মরদেহে আগুন দেওয়া হয় বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকারের নেতৃত্বে কালুখালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মঙ্গলবার যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি জানান, গ্রেপ্তার মিজান শেখ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি রক্তমাখা হেলমেট, একটি স্টিলের পাইপ (রড) এবং একটি লোহার ফোল্ডিং স্টিক উদ্ধার করেছে বলেও জানান তিনি।
জে আই