দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী পৌর শহরে একটি পাগলা কুকুরের আক্রমণে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকা থেকে শুরু হওয়া কুকুরটির তাণ্ডব প্রায় দেড় ঘণ্টা ধরে শহরের বিভিন্ন এলাকায় চলতে থাকে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি প্রথমে উপজেলা পরিষদ গেট এলাকায় কয়েকজনকে কামড়ায়। পরে বাসস্ট্যান্ড, আমিন মিষ্টির গলি, থানা রোডসহ পৌর শহরের বিভিন্ন স্থানে ছুটে গিয়ে পথচারীদের ওপর আক্রমণ চালায়। এতে অল্প সময়ের মধ্যে অন্তত ১৪ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন নুহু (৯), আব্দুল মজিদ (৬৩), মাহাবুর রহমান (১২), ফারিয়া আক্তার (১২), হাজি আব্দুল মান্নান (৭০), সাদিয়া (১৬), কাদব আলী (৫৬), মুকুল মিয়া (৪৫), হাবিবুর রহমান (২২), রফিক (৫৫), হাফিজুর রহমান (৬০) ও হযরত আলী (৫০)। এছাড়া আরও দুইজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া সুলতানা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
চিকিৎসকরা জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি জলাতঙ্ক (রেবিস) প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
কুকুরটির আকস্মিক আক্রমণে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য দোকান ও বাসাবাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়দের উদ্যোগে কুকুরটিকে মেরে ফেলা হয়।
জে আই