দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্যান্সারকে আতঙ্ক নয়, বরং সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য রোগ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা।
সোমবার (৮ জুন) নওগাঁ সদর উপজেলার ইকরকুড়ি গ্রামে আয়োজিত এক ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভায় তারা এ মত দেন।
‘ক্যান্সার নয় আতঙ্ক, সচেতনতা প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা’ শীর্ষক এ সভার আয়োজন করে আলো ভুবন ট্রাস্ট। ইকরকুড়ি গ্রামের রহিমা বনিজ স্বাস্থ্যসেবা কেন্দ্রে অনুষ্ঠিত সভায় স্থানীয় চিকিৎসক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন আলো ভুবন ট্রাস্টের উপদেষ্টা মো. আহসান সাঈদ।
অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন আলো ভুবন ট্রাস্ট ও মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আবু জাকারিয়া। তিনি বলেন, অজ্ঞতা ও ভয় ক্যান্সারকে জটিল করে তোলে, তাই সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কোনো বিকল্প নেই।
প্রধান আলোচক অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই সফল চিকিৎসা সম্ভব। ধূমপান বর্জন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থার কারণে ক্যান্সার এখন আর মৃত্যুদণ্ড নয়। তবে রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। তিনি স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সামাজিক সংগঠনগুলোর ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো. আহসান সাঈদ বলেন, সামাজিক উদ্যোগের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বাড়ানো সম্ভব। আলো ভুবন ট্রাস্ট এ লক্ষ্যেই কাজ করছে।
সভায় স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জে আই