দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন স্থানীয় ছাত্রদল নেতা।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফতুল্লার দেলপাড়া এলাকার নান্নু সরদারের ছেলে আব্দুল কাদির জিলানি (২৬) এবং শিবু মার্কেট এলাকার বাসিন্দা মাসুম বিল্লাহ। জিলানি ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মাসুম স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে করে সিদ্ধিরগঞ্জের দিকে যাওয়ার সময় দশপাইপ এলাকায় সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে শোকাহত হয়ে পড়েন। পরে সিটি করপোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, নিহত জিলানি আমার কর্মী ছিলেন। রাজনৈতিক মামলায় তার জামিনও আমি করিয়েছি। করপোরেশনের গাড়িতে তার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তার পরিবারের পাশে থাকব এবং করপোরেশন থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত বর্জ্যবাহী গাড়ির চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জে আই