দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাট সদর উপজেলার ৬নং খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুজ্জামান মন্ডল বাদলের একটি বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভিডিওতে তাকে একটি সভায় বক্তব্য দিতে দেখা যায়, যেখানে তিনি রাজনৈতিক প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে নবী হযরত মুহাম্মদ (সা.)-এর সাথে একজন রাজনৈতিক নেতার তুলনা করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর স্থানীয়ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। স্থানীয়ভাবে বিএনপি নেতাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ওই বক্তব্যের সাথে দলটির কোনো সম্পর্ক নেই এবং এটি চেয়ারম্যানের ব্যক্তিগত মন্তব্য।
অন্যদিকে, ইউনিয়ন পর্যায়ের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, চেয়ারম্যান খাইরুজ্জামান মন্ডল বাদল দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন সময় দল পরিবর্তনের বিষয়েও আলোচনা রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে অতীতেও অভিযোগ উঠেছে বলে তারা দাবি করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান খাইরুজ্জামান মন্ডল বাদলের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।
জে আই