দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ একাধিক সরকারি দপ্তর বন্ধ থাকায় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, প্রায় ৮০ জন কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে সিলেটে বনভোজনে যাওয়ায় এসব দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।
রোববার (৭ জুন) নড়িয়া উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, ইউএনও কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) অফিস, কৃষি দপ্তর, সমাজসেবা দপ্তরসহ একাধিক দপ্তর বন্ধ রয়েছে। সেবা নিতে আসা অনেকেই ফিরে যেতে বাধ্য হন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা দুটি বাসে করে সিলেটে যান। সফরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছিলেন বলে জানা গেছে। সফরকালে তারা সিলেটের জাফলং, বিছানাকান্দি ও সাদা পাথরসহ কয়েকটি পর্যটনকেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে একসঙ্গে বিপুল সংখ্যক কর্মকর্তার অনুপস্থিতিতে সরকারি সেবা ব্যাহত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা মতিউর রহমান সাগর বলেন, জরুরি কাজে এসে তিনি ইউএনও কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের অনুপস্থিত পান। এতে তাকে ফিরে যেতে হয়।
আরেক সেবাগ্রহীতা হানিফ মিয়া জানান, জমি সংক্রান্ত কাজে এসিল্যান্ড অফিসে এসে কাউকে না পেয়ে তিনি সেবা পাননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা গোবিন্দ চক্রবর্তী বলেন, ইউএনও স্যারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বনভোজনে গিয়েছেন। অফিসে শুধু স্টাফরা রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, অফিসার্স ক্লাবের উদ্যোগে আমরা পরিবারসহ পিকনিকে এসেছি। আমি অফিস থেকে ছুটি নিয়েছি।
অন্যদিকে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি বলেন, আপনার কাছেই প্রথম শুনলাম।
জে আই