দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে সাব্বির আহমেদ (১৬) ও শাওন আহমেদ (১৪) নামে দুই সহোদর নিখোঁজ হয়েছে।
রোববার দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পরও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে না পৌঁছানোয় উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি।
নিখোঁজ শাওন আহমেদ স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এবং সাব্বির আহমেদ নবম শ্রেণির শিক্ষার্থী। তারা মোগলহাট ইউনিয়নের মেডিকেল মোড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে দুই ভাইসহ তিনজন মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে তিনজনই ভেসে যায়। তাদের মধ্যে মেহেদি হাসান (১৭) কৌশলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই ভাই নিখোঁজ হয়। মেহেদি ওই এলাকার আজিজুল হকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় উদ্ধারকাজ শুরু করতে পারেনি। ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধারকাজ শুরু না হওয়ায় নিখোঁজ দুই কিশোরের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে নদীতে অনুসন্ধান চালাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলের জন্য অপেক্ষা করছেন।
এমএস/