দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক নগর আলোকায়ন প্রযুক্তি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের সম্ভাব্য ফ্রান্স সফরসহ এ জাতীয় সব বিদেশ সফর আপাতত স্থগিত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক’ শিরোনামে প্রকাশিত সংবাদে আংশিক ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।
রাসিকের ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক নগর আলোকায়ন প্রযুক্তি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের জন্য সিগনিফাই বাংলাদেশ লিমিটেড রাসিক প্রশাসক ও সংশ্লিষ্ট প্রকৌশলীকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছিল। সম্ভাব্য এ সফরের সব ব্যয়ভার আমন্ত্রণকারী প্রতিষ্ঠান বহনের প্রস্তাব দিয়েছিল এবং এতে রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো অর্থ ব্যয়ের বিষয় ছিল না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমন্ত্রণকারী প্রতিষ্ঠানটির সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো চলমান বা পূর্ববর্তী উন্নয়ন প্রকল্পের সম্পৃক্ততা নেই।
রাসিক জানায়, সম্ভাব্য সফর বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রয়োজনীয় সরকারি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছিল মাত্র। এ বিষয়ে সরকার কোনো অনুমোদন বা সরকারি আদেশ (জিও) জারি করেনি।
পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ ধরনের সব বিদেশ সফর আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জে আই