দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অজ্ঞাত যানবাহনের চাপায় রুবেল মিয়া (৩০) নামে এক বাস স্টাফের মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে রাখা একটি বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাসটির নাম ‘অসীম পরিবহন’।
নিহত রুবেল মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার সোনারপাড়া এলাকার মৃত মোন্নাফ সোনারের ছেলে। তিনি ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে রিজার্ভ বাসে নিজ এলাকায় ফিরছিলেন এবং বাসটির স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে তারাপুর ইউনিয়ন পরিষদের সামনে সড়কে গেলে একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করে বাসে নিয়ে এসে মাদরাসা মাঠে রাখা বাসের ভেতরে কাপড় দিয়ে ঢেকে রাখেন।
সোমবার সকালে বাসের ভেতরে মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জে আই