দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাবা ও ছেলের বিরুদ্ধে।
সোমবার (১ জুন) সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, ইউসুফ শেখের গোয়ালঘর থেকে নোংরা পানি ও আবর্জনা পাশের বাড়িতে ছড়িয়ে পড়া নিয়ে প্রতিবেশী জরিপ শেখের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখের সঙ্গে বিরোধ তীব্র আকার ধারণ করলে ধারালো কুড়াল দিয়ে জরিপ শেখকে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা জরিপ শেখকে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, ঘটনার সময় তিনি ও আরও কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করছিলেন। এ সময় ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ ধারালো অস্ত্র নিয়ে জরিপ শেখের ওপর হামলা চালান।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জে আই