দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে দেখা গেছে ব্যাপক পর্যটক সমাগম। বিশেষ করে কোম্পানীগঞ্জের সাদা পাথর, জাফলং, রাতারগুল সোয়াম্প ফরেস্ট ও বিভিন্ন চা বাগান এলাকায় প্রতিদিনই হাজারো মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
রোববার (৩১ মে) সরেজমিনে সাদা পাথর এলাকায় অন্তত লক্ষাধিক পর্যটকের আগমন ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।
সাদা পাথরের স্বচ্ছ পানির ধারা, চারপাশের শুভ্র পাথর এবং ভারতের মেঘালয় পাহাড়ের সবুজ দৃশ্য পর্যটকদের মুগ্ধ করছে। ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা রুমকি চৌধুরী বলেন, এখানকার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। শুভ্র পাথর আর পাহাড়ের মিলিত দৃশ্য যে কাউকেই আকর্ষণ করে।
বানিয়াচং থেকে আসা শিক্ষক মাজহারুল ইসলাম জানান, সাদা পাথর তার কাছে এক ধরনের স্বপ্নের জায়গা, যেখানে এলে মানসিক প্রশান্তি পাওয়া যায়।
অন্যদিকে প্রবাস ফেরত সেবুল মিয়া বলেন, বর্ষাকালে এই অঞ্চলের সৌন্দর্য আরও বেড়ে যায়। তখন পাহাড়ি ঝর্ণা, সবুজ বন এবং বৃষ্টির শব্দ মিলিয়ে পুরো এলাকা আরও মনোরম হয়ে ওঠে।
তবে পর্যটকদের অভিযোগ, পর্যাপ্ত অবকাঠামো না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে কাপড় পরিবর্তনের কক্ষ ও ভ্রাম্যমাণ টয়লেটের অভাব রয়েছে বলে তারা জানান।
এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সাদা পাথর শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি সিলেটের সংস্কৃতি ও পর্যটনের প্রতীক। পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জে আই