দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল নগরীতে কোরবানির বর্জ্য অপসারণে বিশেষ প্রস্তুতি নিয়েছে সিটি করপোরেশন। নির্ধারিত ১২ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান ঈদ জামাত শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, কোরবানির পশু জবাই, বর্জ্য অপসারণ এবং চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্জ্য অপসারণে প্রায় ৭০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন।
সিটি করপোরেশনের প্রশাসক বলেন, সরকার থেকে ১২ ঘণ্টা সময় নির্ধারণ করা থাকলেও আমরা ৬ ঘণ্টার মধ্যেই নগরীর কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ করছি।
এদিকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টির পূর্বাভাস থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা।
সকাল ৮টায় অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করেন এরশাদুল উলুম জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুর রব।
জামাতে অংশ নেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক খাইরুল আলম সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জে আই