দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর শহরের শংকরপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান অনিকে বিদেশি পিস্তল, গুলি ও সহযোগীসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তার সহযোগী তানভীর আহমেদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ধারালো চাকু।
সোমবার (২৬ মে) রাতে ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান ও এসআই কামালের নেতৃত্বে একাধিক টিম শংকরপুর বাবলাতলা এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অনির নেতৃত্বে এলাকায় সন্ত্রাস, মাদক বাণিজ্য ও চাঁদাবাজির একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছিল।
গ্রেপ্তার অনিক হাসান অনি শংকরপুর এলাকার আলতাফ হোসেন আলতুর ছেলে। তার সহযোগী তানভীর আহমেদ চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে , সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ভয় দেখাতে অনি ও তার সহযোগীরা পুনরায় সক্রিয় হয়ে ওঠে। এমন তথ্যের ভিত্তিতেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। কয়েকদিন ধরে তার গতিবিধি পর্যবেক্ষণের পর সোমবার রাতে অভিযান চালানো হয়। অভিযানের সময় অনি পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে ঘিরে ফেলেন। পরে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সময়ে সহযোগী তানভীরের প্যান্টের পকেট তল্লাশি করে একটি ধারালো চাকু জব্দ করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, অনিক হাসান অনি এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। এছাড়া সাতটি মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তার দু’জনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
/অ