দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় গাবুরা ইউনিয়নে বজ্রপাতে শাহানারা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি তিন সন্তানের জননী ছিলেন। বুধবার (২৭ মে) সকালে উপজেলার পাশ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহানারা ওই গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সকালে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হলে শাহানারা বাড়ির পাশের মাছের ঘেরের দিকে তার মাকে খুঁজতে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে স্বামীকে হারানোর পর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন শাহানারা। সন্তানদের মুখে খাবার তুলে দিতে দিনমজুরের কাজ করতেন তিনি। কখনও অন্যের বাড়িতে, কখনও মাছের ঘেরে কাজ করে সংসার চালাতেন।
প্রতিবেশীরা বলেন, শাহানারা ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। স্বামীর মৃত্যুর পর সন্তানদের মানুষ করতে একাই সংগ্রাম করে যাচ্ছিলেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়দের ভাষ্য, দুর্যোগপ্রবণ উপকূলের মানুষের জীবন প্রতিনিয়তই অনিশ্চয়তা আর সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে।
এমএস/