দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর একই গ্রামের ৬ জনের জানাজা শেষে পাশাপাশি দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। পরে মঙ্গলবার ভোরে মরদেহগুলো মান্দার রাজেন্দ্রবাটি গ্রামে পৌঁছে।
নওগাঁর নিহত ১০ জনের মধ্যে বাকি চারজনের মরদেহও নিজ নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজেন্দ্রবাটি গ্রামে গিয়ে দেখা যায়, মরদেহ দাফনের জন্য আশপাশের গ্রাম থেকে খাটিয়া আনা হচ্ছে। শরিয়াহ অনুযায়ী সারিবদ্ধভাবে রাখা ছয়টি খাটিয়ায় মরদেহগুলো রাখা হয়। শেষবারের মতো একনজর দেখতে সেখানে ভিড় করেন আশপাশের কয়েক গ্রামের মানুষ ও স্বজনরা। কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রামের পরিবেশ।
জানাজায় রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, মান্দা থানার ওসি খোরশেদ আলমসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।
রাজশাহীর বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ বলেন, নিহত পরিবারগুলোর প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এক গ্রামের ৬ জনের একসঙ্গে মৃত্যু সবাইকে শোকাহত করেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোর পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
প্রসঙ্গত, সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। নিহতদের ১০ জনের বাড়ি নওগাঁ জেলায়। তারা সবাই ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছিলেন।
এমএস/